বাংলাদেশে চলতি বছর ১১ জুলাই পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি আইনের (ডিএসএ) মামলায় অন্তত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার কারা অধিদপ্তরকে উদ্ধৃত করে ‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত ২৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনে লেখক মোশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ডিএসএর আওতায় আটক ১০ জনের ঘটনার পর্যালোচনা করা হয়েছে।
ঘটনাগুলো পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনে কর্তৃপক্ষকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনার অভিযোগে তাদের গুম, নিবর্তনমূলক গ্রেপ্তার, নির্যাতনসহ ব্যাপকতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৮ সালের অক্টোবরে ডিএসএ প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে ১ হাজার ৩০০টি মামলা করা হয়েছে।
