আফগানিস্তানে গত ১ মে থেকে সংঘাত শুরুর পর রেকর্ডসংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলে সংঘাত চলায় সেখানেই প্রধানত বেসামরিক নাগরিক নিহতের ঘটনা বেশি ঘটছে। যদি এ সংঘাত ঘনবসতিপূর্ণ শহরে ছড়িয়ে পড়ে তাহলে দেশটিতে মহাবিপর্যয় হতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ছয় মাসে রেকর্ডসংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এসব হতাহতের অর্ধেকই হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর কারণে। ১ মে থেকে সংঘাতের তীব্রতা ব্যাপক আকার ধারণ করেছে। এ সময়ে ৭৮৩ বেসামরিক নাগরিক নিহত হয়, আহত হয় ১ হাজার ৬০৯ জন। প্রথম চার মাসেও একই পরিমাণ হতাহতের ঘটনা ঘটে।
জাতিসংঘের ২০০৯ সাল থেকে রেকর্ড করা তথ্য অনুযায়ী, চলতি বছরের মে-জুন মাসে হতাহতের সংখ্যা সর্বোচ্চ। ২০০১ সালে তালেবান শাসনের অবসানের পর এটাই আফগানিস্তানের প্রথম ভয়াবহ অবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালেবান ও আফগান নেতাদের বেসামরিক নাগরিকদের ওপর সংঘাতের যে বিধ্বংসী প্রভাব পড়ছে, সে ব্যাপারে যতœবান হতে বলেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লিওনস।
