মহামারী নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে কোনো শিল্পকারখানা খুললে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এর আগে কয়েক দফা বিধিনিষেধে শিল্পকারখানা খোলা রাখা হয়েছিল। কিন্তু মহামারীর এবারের পর্বে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধে শিল্পকারখানাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর মধ্যেও কিছু শিল্পকারখানা খোলা রাখা হচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।
এসব শিল্পকারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কেউ কারখানা খুলে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছি।
সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে তাতে এখন কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকরা কারখানা খোলার দেনদরবার করলেও তাদের হতাশ করেছেন ফরহাদ হোসেন। তিনি বলেছেন, বিধিনিষেধের মধ্যে পোশাক কারখানা খোলা নিয়ে সরকারের এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই।
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া নিয়ে এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরি আইনে বলা আছে পাঁচ বছর পরপর সবাই সম্পদের হিসাব দেবে। যাতে করে আয়বহির্ভূত কোনো সম্পদ আছে কি না, সেটা আমরা চেক করতে পারি।’
