আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়ে উপেক্ষিত সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা টিকার প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।
করোনার টিকা নিতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের টিকা কর্নারে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। প্রথম দিকে তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন টিকা নিতে আসছে দুই-তিন শতাধিক মানুষ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকে টিকা নিতে না পেরে ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের দেবগ্রাম থেকে সপরিবারে টিকা নিতে আসা সোহেল দেওয়ান বলেন, সকাল ৯টা থেকে অপেক্ষায় আছি এখন দুপুর ১২টা, সিরিয়াল পাইনি।
অনেকেই মাস্ক ব্যবহার করছে না দেখে কেন মাস্ক ব্যবহার করছে না এমন প্রশ্নের জবাবে কয়েকজন বলেন, প্রচণ্ড গরম, তাই মাস্ক মুখে রাখতে সমস্যা হচ্ছে।
তবে সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, একটি বুথের মাধ্যমে টিকা দেওয়ার জন্য এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। এখানে আরো ২-৩টা বুথ থাকলে এত গাদাগাদি হতো না। হাসপাতাল কর্তৃপক্ষ যেন এ বিষয়টি চিন্তা করে আরো ২-৩ বুথ বাড়িয়ে টিকা দেওয়ার ব্যবস্থা নেয়।
জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এ মুহূর্তে আমাদের টিকার বুথ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত উপজেলার প্রতি ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।
