রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে একই দিনে তিন ডোজ টিকা দেওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সৌদি প্রবাসী ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেওয়া হয়েছে।
এরপর ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও গণমাধ্যমে খবর আসে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন,“একবার টিকা নিয়ে আরেকজনের কাছে গিয়ে আবার টিকা নেবে এমন কোনো সুযোগ নেই। আমাদের এখানে যারা টিকা দেয় তারা এই বিষয়ে দক্ষ এবং সবাই একটি নিয়মের মধ্যেই টিকা দিচ্ছে।”
ঘটনাটিকে অপপ্রচার দাবি করে তিনি তিনি বলেন, “আমরা ওই ভদ্রলোককে খুঁজে আনব। আমাদের ডেপুটি ডিরেক্টরকে দায়িত্ব দিয়েছি এ বিষয়ে। তারপর আপনাদের জানাব।”
বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, “কাউকে তিন ডোজ টিকা দেওয়া হয়নি।”
তিনি বলেন,“যেখানে বাংলাদেশে একজন লোককে একটা টিকা দেওয়া যাচ্ছে না, সেখানে একজনকে তিন ডোজ টিকা একই দিনে কেন দেব? শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এইটুকু জ্ঞান তো সবারই আছে যে একদিনে একবারের বেশি টিকা নেওয়া যায় না। এটা তো খাওয়ার জিনিস না যে একটা করে আইটেম নিয়ে খেতে শুরু করলেন।”
তিনি আরও বলেন, “আমাদের নতুন বুথগুলোর দূরত্ব একটা থেকে আরেকটার খুব কাছাকাছি। কিন্তু একটা লোককে একদিনে তিন ডোজ টিকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।”
