ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে শাহবাগ থানায় হওয়া মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রইচ হোসেন আসামি রুবেলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেল ঢাবির বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মনির হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট এর ওয়ার্ড বয় হিসেবে কর্মরত আছেন।
মনির ও তার সহকর্মী মো. সোহেল, হারুন নাস্তা করার উদ্দেশ্যে হাসপাতাল থেকে ২৬ জুলাই সকাল ৯টার দিকে আনন্দবাজার খাবার হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় আসামিসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর গতিরোধ করে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীকে হত্যা করার উদ্দেশ্য হাতে থাকা কাট ও রড দিয়ে মারাত্মক আঘাত করে। একপর্যায়ে তাদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে আসামি আকতারুলকে আটক করলেও অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়।
