করোনায় মারা গেলেন ঝালকাঠির বিচারক সানিয়া আক্তার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০১:৪২ এএম

ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর শ^াসকষ্ট বেড়ে গেলে ১৪ জুলাই তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দুজন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। গত বছরের ২৪ জুন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। ১৯৯২ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন সানিয়া আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৮ সালের ১ মার্চ বিচারিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত