বরিশালে বিভাগে করোনা ও উপসর্গে ২০ মৃত্যু, শনাক্ত ৬৫৬

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৫:০৫ পিএম

একদিনের ব্যবধানে বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন।

এর আগে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ে ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৫৭ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের ২ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৩৬ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানাগেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ১২ জন।

এর মধ্যে তিনজন ঝালকাঠির এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালীর দুজন করে এবং বাকি একজন ভোলার। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।

তারা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেলেন ৭৬২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৫৬ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৬৫ জন নিয়ে মোট ১৩ হাজার ৫৩০ জন, পটুয়াখালীতে ১৭৮ জন নিয়ে মোট ৪ হাজার ১২৯ জন, ভোলায় ১১৩ জনসহ মোট ৩ হাজার ৫১৫ জন, পিরোজপুরে ২৪ জনসহ মোট ৪ হাজার ২৩৪ জন, বরগুনায় ২৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৭৭৪ জন এবং ঝালকাঠিতে ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ৯০২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত