চাঁদপুরের সদর উপজেলায় এক মোটরসাইকেলচালককে চাপা দেওয়ার পর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় দ্রুতগতির একটি ট্রাক। এরপর দুর্ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রমের পর ট্রাকটির নিচে আটকে থাকা অবস্থায় নাসির উদ্দিন (৫০) নামে ওই মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদখাঁরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের প্রয়াত সোলেমান মিজির ছেলে। কুমিল্লার শাসনগাছা এলাকায় বাস করে ঠিকাদারির কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে আসছিলেন নাসির। পথে সদর উপজেলার চাঁদখাঁরপুল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলটি ট্রাকের ভেতর ঢুকে পড়ে। ওই সময় ট্রাকের নিচ দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও আটকে যান চালক নাসির। এ অবস্থায় চালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে চালিয়ে যেতে থাকেন। এভাবে প্রায় ৫ কিলোমিটার যাওয়ার পরে মহামায়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকরা বিষয়টি দেখতে পেয়ে ট্রাকটি থামিয়ে নাসিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে ট্রাকচালককে আটক করে পুলিশকে খবর দেন তারা।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া একই দিন ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় ট্রাক্টরের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন, গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক নারী, ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু, মাগুরায় ট্রাকের ধাক্কায় এক নারী ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমিল্লা : চান্দিনা উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাড়িখোলা গ্রামের নুরুল ইসলাম (৪০), রংপুরের ফয়জার রহমান (৪০) ও কাভার্ড ভ্যানের চালক লিটন (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া ৮টার দিকে হাড়িখোলা মাজারসংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকরা। ওই সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গাজীপুর : শ্রীপুর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় রূপজান বিবি (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপজান মাওনার চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নয়নপুর এলাকায় স্বামীর সঙ্গে সড়ক পার হচ্ছিলেন রূপজান। ওই সময় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নয়নপুর এলাকায় স্বামীর সঙ্গে সড়ক পার হচ্ছিলেন রূপজান। ওই সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাওনা হাইওয়ে থানার এসআই মো. খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইভা নেত্রকোনার আটপাড়া উপজেলার ইব্রাহীম মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, নেত্রকোনা থেকে ১৩ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে কসবার খাড়েরা নামক স্থানে নিয়ন্ত্রণ হায়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় সবাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু ইভার মৃত্যু হয়।
মাগুরা : মহম্মদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রাহাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাদিজা একই এলাকার স্বাধীন মল্লিকের স্ত্রী। মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনার সময় আত্মীয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খাদিজা। পথে বিনোদপুর-নহাটা সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খাদিজার মৃত্যু হয়।
নাটোর : সিংড়া ও বড়াইগ্রামে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সিংড়ার বাঁশের ব্রিজের পাশে নাটোরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। অপরদিকে বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
