হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:২৬ পিএম

নোয়াখালীর উপকূলীয় হাতিয়া উপজেলার চরঈশ্বরে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় বাকি ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশের মেঘনা শ্যামল জলদাস (৩০) নামের ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের মতিলাল জলদাসের ছেলে। উদ্ধারের পরই মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশের মেঘনা থেকে ১২ জেলেসহ একটি ট্রলার চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজার ঘাটে যায়।

তিনি জানান, ট্রলারটি ওই ঘাটের পূর্ব দিকের মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। কিন্তু বৈরী আবহাওয়ায় নদী ও সাগর খুবই উত্তাল থাকায় বিকেলে জেলেসহ ট্রলারটি মেঘনায় ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এএসএম তাহসিন রহমান জানান, উদ্ধারকাজের মতো বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত