ঈদযাত্রায় ২৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৩: যাত্রী কল্যাণ সমিতি

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১:০৯ পিএম

ঈদযাত্রায় ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। গত ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত গত ১৫ দিনে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

একই সময়ে রেলপথে নয়টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, আহত পাঁচজন। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত, ৩৬ জন আহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। বিগত ৫ বছরের তুলনায় এ বছর ঈদুল আজহায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তন হলে শুক্রবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা-২০২১ প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে এ সব তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত হলেও স্বল্পসময়ের জন্য গণপরিবহন চালু করায় সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যান বিশেষ করে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা-ব্যাটারিচালিত রিকশা, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানে এক সঙ্গে হঠাৎ করে রাস্তায় নামায় বিগত বছরগুলোর তুলনায় হতাহতের ঘটনা বেশি ঘটেছে।

ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্ঘটনার ৩৩ দশমিক ৩৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৩ দশমিক ৩৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ৩৩ শতাংশ ফিডার রোডে ও শূন্য দশমিক ৮৩ শতাংশ রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। এ ছাড়া, সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার তিন দশমিক ৩৩ শতাংশ ঢাকা মহানগরীতে ও শূন্য দশমিক ৮৩ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনা কবলিত মোট যানবাহনের মধ্যে ২৮ দশমিক ৪৮ শতাংশ মোটরসাইকেল, ২৮ দশমিক ৭৮ শতাংশ ট্রাক-পিকআপ ভ্যান জাতীয় যান, সাত দশমিক ৪১ শতাংশ কার-মাইক্রোবাস, আট দশমিক ৬০ শতাংশ তিন চাকার যান, ১০ দশমিক ৩৮ শতাংশ অটোরিকশা, সাত দশমিক ৭১ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক ও আট দশমিক ৬০ শতাংশ বাস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত