কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৪ জন এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনাক্রান্ত ও ৩ জন উপসর্গসহ মোট ৮ রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ২৮ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৭৭ জন এবং উপসর্গ নিয়ে ৪৭ জন মোট ২২৪ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) জেলায় ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ২৮ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫৩ জনে।
