চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১১:২৫ এএম

চাঁদপুর লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ভিড় সামাল দিতে না পেরে অধিকাংশ লঞ্চই অতিরিক্ত যাত্রী ভোজাই করে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ছেড়ে গেছে।

গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত লঞ্চ চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

সেই সুবিধা কাজে লাগিয়ে চাঁদপুরসহ এর আশপাশের জেলার লোকজন ভোর থেকে লঞ্চঘাটে ভিড় করতে থাকেন।

এদিকে ঘাটে যাত্রীর চাপ থাকলেও লঞ্চের সংখ্যা কম। ফলে জায়গা না পেয়ে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চঘাটে অপেক্ষা করতে হচ্ছে।

ঘাটে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ড দায়িত্ব পালন করছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা ঢাকাগামী যুবক ইলিয়াস হোসেন বলেন, চাকরি বাঁচাতে বাধ্য হয়ে ঢাকা যাওয়া লাগছে। কিন্তু এতো মানুষ এক সাথে লঞ্চে উঠছে, তাতে করে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না।

আরেক যাত্রী তারেক হোসেন বলেন, যাত্রীদের চাপে লঞ্চগুলোতে জায়গা হচ্ছে না। এভাবে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু চাকরি বাঁচাতে বাধ্য হয়ে যাওয়াই লাগছে।

লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ঘাটে যে পরিমাণ যাত্রী রয়েছে, সেই অনুযায়ী লঞ্চ নেই। তাই কিছুটা বাড়তি যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে। অল্প সময়ের জন্য লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ায় সকল মানুষ এক সাথে ঘাটে আসছে। তবে আমরা সকল যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানাচ্ছি। সরকারি নির্দেশনা মেনে আজ দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, ঘাটে পর্যাপ্ত লঞ্চ না থাকায় যাত্রীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্বাস্থ্যবিধি মানাতে, তারপরেও অনেক যাত্রী তা মানছেন না।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮টি লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে গেছে। দুপুর সাড়ে ১১টায় একটা লঞ্চ ঘাটে ভিড়বে। এরপরে আর কোনো লঞ্চ চলাচল করবে কিনা তা কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত