ফের নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার সেনাপ্রধানের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০১:৫৯ এএম

আরও দুই বছর পর মিয়ানমারে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জান্তাশাসক মিন অং হ্লাইং। মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দলকে উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর গতকাল রবিবার মিন অং হ্লাইং এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) মনোনীত যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। টেলিভিশনে দেওয়া ভাষণে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমারে আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি আমরা। ভাষণে মিন অং হ্লাইং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন। তিনি বলেন, ২০২৩ সালের আগস্ট নাগাদ দেশে জরুরি অবস্থা প্রত্যাহার করবেন। একই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।

মিয়ানমারে জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষ্যে আজ সোমবার বৈঠকে বসছেন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ছয় মাস হতে চলেছে। দেশটিতে চলছে জান্তাবিরোধী বিক্ষোভ। এতে অচল হয়ে পড়েছে দেশটির সরকারি ও বেসরকারি খাতগুলো। গত শনিবারও রাজপথে বিক্ষোভ করেছেন দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মিয়ানমারের পরিস্থিতি এ মুহূর্তে স্থিতিশীল আছে বলে উল্লেখ করেছেন মিন অং হ্লাইং। তিনি বলেছেন, দেশে ‘কিছু সন্ত্রাসী হামলা’ ছাড়া আর কোনো সমস্যা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত