গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:০১ এএম

গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। তার নাম মো. পারভেজ (২৮)। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মো. কালু শেখের ছেলে। গত শনিবার রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন র‌্যাবের বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে এমন খবর পায় র‌্যাব-১-এর সদস্যরা। পরে রাত পৌনে ১২টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যান। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত