চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রাত সাড়ে ৯টায় প্রসবের পরেই এক নবজাতক ছেলেকে ফেলে পালিয়েছেন তার মা-বাবা।
বর্তমানে ওই নবজাতক হাসপাতালের হেফাজতে আছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।
এ ঘটনায় পুরো বাঁশখালীতে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু নিঃসন্তান দম্পতি ওই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সকাল থেকেই বাচ্চাটি নেওয়ার জন্য অনেকে ভিড় জমায় হাসপাতাল এলাকায়।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসপাতালের রেজিস্টারে নবজাতকের মাতা অর্চনা বড়ুয়া ও স্বামী সুবোধ বড়ুয়া নাম লিপিবদ্ধ করা হয়। তাদের ঠিকানা জলদী লেখা থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।
স্থানীয়রা পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় এদের বাড়ি বলে ধারণা করেন।'
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন বড়ুয়া বলেন, এ বিষয়ে নবজাতকের বাবা-মার সঠিক সন্ধানে পুলিশ ও পৌর প্রশাসনের লোকজন অনেক অনুসন্ধান চালিয়েছে। উল্লেখিত নামে আমার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় কাউকে পাওয়া যায়নি।'
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, ‘আমার জানামতে, আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেওয়া যায় না। আমরা শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি।
সোমবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটি হাসপাতালে রয়েছে। বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেকে এলেও আইনি জটিলতার কারণে এখনও পর্যন্ত কাউকে দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
