জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন কৃষক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জোরাপুকুর এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও একই উপজেলার চৌধুরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।
ধরঞ্জি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে সকাল থেকে জমিতে কৃষকরা ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৪ জন আহত হন। আশপাশে লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।
পাঁচবিবি থানার ওসি পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
