চীনের হেনান প্রদেশে গত মাসের ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এখনো ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
গত মাসে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের হেনান প্রদেশ। বানের পানিতে ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ৯ হাজার বাড়িঘর। এর মধ্যে ঝেংঝৌ শহরের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। গতকাল সোমবার ঝেংঝৌ এবং হু হংর কর্র্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানিয়েছে, গাড়ির পার্কিংয়ের নিচে আরও ৩৯ জনের লাশ পাওয়া গেছে। এ ছাড়া সাবওয়েতে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা গেছে। প্রবল বন্যায় হেনানের রেলওয়ে, সড়কসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়েছে। এখনো সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি সরকার। অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির নিচে রয়েছে বহু জায়গা।
