পেগাসাস কাণ্ডে আলোচনার দাবিতে সংসদের ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগে ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
বুধবার আর অধিবেশনে অংশ নিতে পারেননি তারা। যে ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং অর্পিতা ঘোষ।
এ দিন বেলা দুইটা পর্যন্ত প্রথমে রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলে আর আলোচনায় অংশ নিতে পারেননি সাসপেন্ড হওয়া সাংসদরা।
ফোনে আড়ি পাতার খবর চাউর হওয়ার পর ভারতের সংসদেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। এর ভেতর রাজ্যসভায় এই ঘটনা ঘটল।
পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। পেগাসাস ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে এমন ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তথ্যভান্ডার পেয়েছিল প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ। পরে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহযোগিতা নিয়ে ওই নম্বরগুলো ধরে অনুসন্ধান চালায় বিভিন্ন দেশের ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কয়েক মাস ধরে চলা এ অনুসন্ধানে যুক্ত ছিলেন ৮০ জনের বেশি সাংবাদিক। কিছু নম্বর নিয়ে পরীক্ষা চালানো হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাবে।
পরে জানা যায়, ভারতের অনেক রাজনীতিবিদের ফোনে এই সফটওয়্যার দিয়ে আড়িপাতা হয়েছে।
