দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হককে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান স্বাক্ষরিত চিঠিতে এ বলদি আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান এ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি উপজেলা মাসিক সমন্বয় সভায় বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের নামে ঘুষের অভিযোগ তোলেন। ওই সভায় দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী এবং সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলমসহ একাধিক জনপ্রতিনিধি বলেন, গত বছর ২৭ সেপ্টেম্বর তিনি এখানে যোগদান করার পর অবকাঠামো উন্নয়ন কাজে ধীরগতি নেমে আসে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম খান বলেন, উপজেলা প্রকৌশলী নগদ টাকা পকেটে নেয়ার একটি ছবি ভাইরাল হয়েছে এবং উপজেলার জনপ্রতিনিধিরা মাসিক সভায় তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এমন বক্তব্য রেখেছেন। উপজেলা প্রকৌশলীকে দাউদকান্দি থেকে হবিগঞ্জে বদলির আদেশের চিঠি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পেয়েছি।
বদলি হওয়া দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
