খুলনার দুই হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।
তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে, খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
খুলনাতে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়েলো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন, তবে সুস্থ হয়ে বাড়ি ফেরেননি কেউ।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হননি কেউ, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা আবাসিকের প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) ও নড়াইল সদরের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৫০ জন। আইসিইউতে রয়েছেন ৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৭২, বাগেরহাটের ১৪, সাতক্ষীরার ৩ ও পিরোজপুরের দুই’জনের করোনা পজিটিভ হয়।
