মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষকসহ একজন আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৯:৪৮ পিএম

মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে (৬২) আটক করেছে র‌্যাব-৮।

শনিবার সকালে উপজেলার আলমদস্তার গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আকরাম রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমলদস্তার শিকদার বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আকরাম নামের এক চোরাকারবারিকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করে।

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আকরাম দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য দেশের বাইরে পাচার করে আসছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আকরামকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত