লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় ৩৩ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে ওই মামলায় আসামিরা হাজির হলে কমলনগর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২১ জুন রামগতি-কমলনগরের ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওইদিন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু সাংগঠনিক কাজে তার গাড়ি নিয়ে রামগতির উদ্দেশে রওনা দিয়ে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে পৌঁছলে আসামিরা তার গাড়িবহরে হামলা চালিয়ে তাকে মারধর ও গাড়ি ভাঙচুর করে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ সামছুল ইসলাম বলেন, আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাব। বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন রাছেল মাহমুদ মান্না।
