চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমি-বদলপুরা সড়কের এক কিলোমিটারে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কের এখন বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটি থেকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের স্ক্র্যাপ বহনকারী ট্রাক যাতায়াত করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, উপজেলার মেরিন একাডেমি-বদলপুরা সড়কটি গত বছরের শুরুতে কার্পেটিংয়ের কাজ করা হয়। তাছাড়া গত তিন মাস আগে ৪০ লাখ টাকা ব্যয়ে সড়কটির প্রশস্তকরণের কাজ করা হয়েছে। কিন্তু ভারী যান চলাচলের কারণে সড়কটির বিভিন্ন অংশ আবারও তলিয়ে যায়।
জানা গেছে, দেশের প্রথম বাংলাদেশ মেরিন একাডেমি এ উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এই একাডেমির জেটি ঘেঁষে চলতি বছরের মার্চ ও জুলাই মাসে স্থাপন করা হয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্সের বেসরকারি দুটি জেটি।
ইতিমধ্যে জেটি দুটিতে ৪০ থেকে ৫০ হাজার টন স্ক্র্যাপ নিয়ে ভিড়েছে দুটি জাহাজ।
শত শত ভারী যান এ সড়ক দিয়ে চলাচল করায় সড়কটির এই অবস্থা। এতে করে স্থানীয় লোকজনের চলাচলে দুর্ভোগ দেখা দেয়। সড়কের সংস্কার না করে এ ধরনের যান চলাচলে প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও ভোগান্তিতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
সরেজমিন দেখা যায়, গ্রামীণ এ সড়কে প্রতিদিন ১০ চাকার শতাধিক স্ক্র্যাপ বহনকারী ট্রাক চলাচল করে। এসব ট্রাকের ওজন ২৫ থেকে ৩০ টন। কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটি থেকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এসব ট্রাকে স্ক্র্যাপ নেওয়া হচ্ছে। এ ধরনের ভারী যান চলাচল করায় সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এ সড়ক দিয়ে মেরিন একাডেমির নৌ-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছাড়া অপরিকল্পিত জেটির ফলে শুধু গ্রামীণ সড়ক নয়,এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ হোসেন জানান, কোনো বিকল্প সড়কের ব্যবস্থা না করে কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটির গাড়ি চলাচলের কারণে সড়কের এ পরিণতি।
নিয়মনীতি উপেক্ষা করে তাদের শত শত গাড়ি চলাচল করে এ সড়কে। সামান্য বৃষ্টি হলেও সড়কে হাঁটাচলা দায়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, এ সড়ক দিয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটির ভারী যান চলাচলের কারণে সড়কটির বেহাল অবস্থা। গ্রামীণ সড়ক দিয়ে ভারী যান চলাচলের কোনো নিয়ম নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
