হাতীবান্ধায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৪:৫১ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে সিআইডি ও হাতীবান্ধা থানা পুলিশ।

সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রাম থেকে রশিদুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রশিদুল ইসলাম উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া তিনি বড়খাতা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।

হাতীবান্ধা থানা পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের ২৯ নভেম্বর হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর সাথে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলীর জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেনকে ব্যাপক মারধর করা হয়। এর ৫ দিন পর শামিম চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শামিম হোসেনের বোন আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ওই মামলার প্রধান আসামি তোয়াব আলীকে (৩৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরর্বতীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় লালমনিরহাট সিআইডি পুলিশ রশিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে লালমনিরহাটে নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত