মাতামুহুরী থেকে অবাধে বালু উত্তোলন

পেকুয়ায় হুমকিতে বাঁধ-বসতি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:৩২ এএম

কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মোরারপাড়া পয়েন্টে শক্তিশালী মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি সিন্ডিকেট! এতে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও বেশ কিছু জনবসতি।

স্থানীয়রা জানান, সপ্তাহের বেশি মাতামুহুরী নদীর পেকুয়া সদর ইউনিয়নের মোরারপাড়া পয়েন্টে প্রকাশ্যে নদীতে শক্তিশালী মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চকরিয়া ও পেকুয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত স্রোতস্বিনী মাতামুহুরী নদীর পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মৌজার মোরারপাড়া পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় নুরুন নবীর ছেলে নাছির উদ্দিন ও তার ভগ্নিপতি মিজানুর রহমান। তারা নদীর জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস করে এসব বালু উত্তোলন করে বেড়িবাঁধের ভেতরে অন্যের ফসলি জমি জোরর্প্বূক ভরাট করছে বলেও অভিযোগ উঠেছে। নদীর এ পয়েন্টে বালু উত্তোলনের জন্য কক্সবাজার জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে কাউকে ইজারা দেয়নি বলে জানা গেছে। সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করছে নাছির উদ্দিন সিন্ডিকেট এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় মোরারপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন মামুন অভিযোগ করে বলেন, ‘মোরারপাড়া গ্রামের নাছির উদ্দিন ও তার ভগ্নিপতি মিজানুর রহমান মাতামুহুরী নদীতে একটি শক্তিশালী শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও জনবসতি।

তিনি আরও জানান, নাছির উদ্দিন সিন্ডিকেটের উত্তোলিত বালু জোরপূর্বক বেড়িবাঁধের ভেতরে থাকা তার ২২ শতক জমি দখলে নিয়ে অন্যায়ভাবে ভরাট করার চেষ্টা করছে। এ জমি নিয়ে চকরিয়ার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা বিচারাধীন। এরপরও তারা আইন-আদালতকে কোনো ধরনের তোয়াক্কা না করে নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে তার জমি ভরাট করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের মোরারপাড়া পয়েন্টে মাতামুহুরী নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করার পয়েন্টের কাছাকাছি সরকাবি বেড়িবাঁধ, এলজিইডির সড়ক ও জনবসতি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ সড়কের ওপর স্থাপন করায় স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পেকুয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা কাজলকান্তি শীল বলেন, মাতামুহুরী নদীর পেকুয়া সদর ইউনিয়নের মোরারপাড়া পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত