ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু। গত জুলাই মাসের মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে শুধু চলতি মাস আগস্টের ১০ দিনেই। জুলাই মাসে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬ জন। আর চলতি মাসের ১০ দিনেই আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩২১ জন। গতকাল মঙ্গলবার বিকেলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানানো হয়। যার মধ্যে ঢাকার ভেতর ২১১ এবং ঢাকার বাইরে ১৫ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯১৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ ও অন্যান্য বিভাগে ভর্তি ৬৩ জন।
এছাড়া চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৪৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও তা ডেঙ্গুতেই মৃত্যু কি না সেটি এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
