খুলনার তিন হাসপাতালে ৭ জনের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১১:১৭ এএম

খুলনার তিন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৪, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই এলাকার আকরাম হোসেন (৭০), বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ (৯০) ও ঝালকাঠির রাজাপুরের হাসান আলী (৭৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৩ জন ও আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন ও ছাড়পত্র পেয়েছেন ৩২ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৮ জন চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনার দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) ও একই এলাকার দেয়ানার ফজলুর রহমান (৯০)। ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন এবং আইসিইউতে রয়েছেন ৮জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন, তার মধ্যে ১০ জন পুরুষ ও বাকিরা নারী। ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছিল আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন খুলনার শামসুর রহমান রোডের তরফদার আব্দুল মোতালেব (৫৫)। বেসরকারি হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। গতকাল ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা, গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। গতকাল ভর্তি হয়েছেন ৬ জন আর ছাড়পত্র পেয়েছেন ৭ জন। গতকাল ২২টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৮২, বাগেরহাটের ২৪, যশোর ২, নড়াইল ও গোপালগঞ্জে একজনের করে করোনা শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত