নওগাঁয় ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালিয়েছে আসামি

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৯:৫৬ পিএম

নওগাঁর মান্দায় মাদক উদ্ধার অভিযানের সময় হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন খলিলুর রহমান (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী।

বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

খলিলুর রহমান উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

হামলায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল আনোয়ার হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪২) ও প্রতিবেশী মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে এম সামসুদ্দিন দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের খলিলুর রহমানের বাড়িতে মাদক কেনা-বেচা চলছে। এরপর তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, এ সময় ২০ গ্রাম হেরোইনসহ খলিলুরকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে দেন কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে।

এরপর খলিলুরের লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে বাড়ির ভেতরে এসে কনস্টেবল আনোয়ার হোসেনকে মারধর করে খলিলুরকে ছিনিয়ে নেয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম ও প্রতিবেশী লাদু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

আহত কনস্টেবল আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া খলিলুর রহমান গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কে এম সামসুদ্দিন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান দেশ রূপান্তরকে জানান, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত