স্মার্টওয়াচে পাঁচ ন্যানোমিটার চিপ আনল স্যামসাং

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৫২ পিএম

নতুন প্রসেসর ‘এক্সিনস ডব্লিউ৯২০’ উন্মোচন করেছে স্যামসাং। প্রসেসরটিকে সুনির্দিষ্টভাবে স্মার্টফোন এবং ওয়্যারএবলের জন্য বানিয়েছে প্রতিষ্ঠানটি। সমন্বিত এলটিই মডেম রয়েছে ‘এক্সিনস ডব্লিউ৯২০ এর মধ্যে। এ ছাড়াও ওয়্যারএবলের জন্য এটি পাঁচ ন্যানোমিটার ইইউভি (এক্সটিম আল্ট্রা-ভায়োলেট) প্রক্রিয়ায় তৈরি  প্রথম চিপ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে স্যামসাং। নতুন চিপে রয়েছে ডুয়াল কোর্টেক্স-এ৫৫ কোর, মালি-জি৬৮ জিপিইউ এবং কোর্টেক্স-এম৫৫ প্রসেসর, যা ‘অলওয়েজ-অন ডিসপ্লে’র জন্যই কাজ করবে। স্যামসাংয়ের দাবি, আগের ওয়্যারএবল চিপের তুলনায় এটির সিপিইউ কর্মক্ষমতা ২০ শতাংশ বেড়েছে এবং জিপিইউ বুস্ট দশগুণ হয়েছে।

এ ছাড়াও স্যামসাং-এর প্রেসের মুখপাত্র আরও জানায়, ‘বর্তমানে ওয়্যারএবল বাজারের সবচেয়ে ছোট প্যাকেজ’ প্রসেসর এটি। গুগলের সঙ্গে যৌথভাবে স্যামসাংয়ের তৈরি নতুন সমন্বিত ওয়্যারএবল প্ল্যাটফর্মকে সমর্থন করে এক্সিনস ডব্লিউ৯২০। আসন্ন গ্যালাক্সি ওয়াচ মডেলে এটি প্রথমবারের মতো প্রয়োগ করা হবে।’

আসন্ন গ্যালাক্সি ওয়াচ মডেলটি যে গ্যালাক্সি ওয়াচ ৪ হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। ধারণা করা হচ্ছে, ১১ আগস্ট স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড আয়োজনেই দেখা মিলবে ওয়াচটির।

টাইজেন এবং ওয়্যার ওএস একত্রিত করে গুগলের সঙ্গে যৌথভাবে তৈরি স্মার্টওয়াচ ওএস-এরও দেখা মিলতে পারে আয়োজনে। নতুন সফটওয়্যারে নেভিগেশন পরিবর্তন, তৃতীয়-পক্ষের অ্যাপের জন্য নতুন টাইলস, উন্নত ব্যাটারি কার্যকারিতা, উন্নত স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং এবং আরও উন্মুক্ত ইন্টারফেইসের দেখা মিলবে বলে ধারণা প্রকাশ করেছে এনগ্যাজেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত