গাজীপুরের শ্রীপুরে আগুনে বসতবাড়ির ১২টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে জানা গেছে, অবৈধ গ্যাসলাইন সংযোগ থেকে আগুনের সূত্রপাত।
গতকাল বৃহ¯পতিবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলসের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন। গতকাল ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান।
নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটিসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ ছিল।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
