খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনা সদরের নজরুল ইসলাম (৭০) ও হোসনেয়ারা বেগম (৬২), সাতক্ষীরা কালিগঞ্জের দৌলতপুরের রেহেনা বেগম (৪৯) এবং যশোর সদরের রমিছা বেগম (৫৫)।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন। এর মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়েলো জোনে ৩২ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নড়াইল সদরের আফিয়া (৫৫)।
বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। গতকাল ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
এদিকে, খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনার ৪০ জন, বাগেরহাটের ৫৩ জন আর গোপালগঞ্জে একজনের করোনা শনাক্ত হয়।
