ঝালকাঠিতে কাউন্সিলরকে কুপিয়ে জখম

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১২:১৫ এএম

ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির খানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে পৌর এলাকার পালবাড়ি সড়কে কাউন্সিলর কুদ্দুস হাওলাদারের বাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ভিমরুলি এলাকায় পেয়ারাবাগানে পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কাউন্সিলর হুমায়ুনের ছেলে আবিদ খান। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পিকনিকের প্রস্তুতিতে বাধা এবং কথা-কাটাকাটি হয় স্থানীয় কিশোর বয়সী আরেকটি গ্রুপের সঙ্গে। তারা কাউন্সিলর হুমায়ুন কবিরের ছেলেকে পিটিয়ে আহত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে কাউন্সিলর হুমায়ুন কবিরের পালবাড়ির বাসায় হামলা চালিয়ে তার স্ত্রী রুমা বেগমকেও আহত করা হয়। এ সময় হুমায়ুন কবির খান পশ্চিম ঝালকাঠি ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে বাড়িতে আসার সময় পথে দুর্বৃত্তরা হুমায়ুনকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।  হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল শরীফের ভাই ইদ্রিস শরীফ, ইলিয়াস শরীফ ও জামাল শরীফসহ ২০-২৫ জন লোক এ হামলা চালিয়েছে।

কাউন্সিলর কামাল শরীফ বলেন, ‘যা কিছুই ঘটুক না কেন সব সময় তারা আমাকে এবং আমার ভাইদের দোষারোপ করে আসছে। আমি এবং আমার কোনো ভাই এ ঘটনায় জড়িত থাকলে সব বিচার মাথা পেতে নেব।’ ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন,  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পালবাড়ি এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত