যুক্তরাজ্যে ১১ বছরে প্রথম বন্দুক হামলায় নিহত ৬

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:২০ এএম

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্লাইমাউথ শহরে গত বৃহস্পতিবার বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যে গত ১১ বছরের মধ্যে এমন বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিবিসি।

গত বৃহস্পতিবার প্লাইমাউথে নিহত ছয়জনের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পার্লামেন্ট সদস্য লিউক পোলার্ড জানিয়েছেন, নিহতদের একজনের বয়স ১০ বছরেরও কম।

ডেভন ও কর্নওয়েল পুলিশের তরফে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারা কেইহাম এলাকা থেকে ডাক পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে। বন্দুকের গুলিতে আহত আরেকজনকে ঘটনাস্থলে চিকিৎসা শুরুর পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে।

এই হামলার কারণ সম্পর্কে এখনো কিছু না জানালেও পুলিশ বলছে একে সন্ত্রাসবাদী সংশ্লিষ্ট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। লন্ডন থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্লাইমাউথ একটি বন্দর নগরী।

আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর আইন থাকায় বন্দুকের গুলিতে যুক্তরাজ্যে নিহত হওয়ার ঘটনা বেশ বিরল। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি বছর প্রায় ৩০ জন বন্দুকের গুলিতে নিহত হয়। এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে শ্বাসরোধ করে বা আগুনে পুড়ে। যুক্তরাজ্যে সর্বশেষ ২০১০ সালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তর-পশ্চিম ইংল্যান্ডের পর্যটনকেন্দ্র লেক জেলায় এক ট্যাক্সিচালক গুলি চালানো শুরু করলে ১২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত