খুলনায় দুই হাসপাতালে করোনায় আরও ৫ মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১২:৪৪ পিএম

খুলনার দুটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- খুলনা সদরের মোশাররফ (৮৪), বটিয়াঘাটার ওসমান (৭০), সাতক্ষীরা আশাসুনির মোশাররফ (৭৫) ও বাগেরহাট সদরের শাহনাজ (৫৩)।

এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। এদের মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যশোরের শেখ জামিরুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় একজন ভর্তি হন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত