বিয়ে করলেন ‘সি ইউ, নট ফর মাইন্ড’ বলে ভাইরাল হওয়া শ্যামল

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৮:৫৯ পিএম

কথায় কথায় ইংরেজি ব্যবহার করে ভাইরাল হওয়া শ্যামল চন্দ্র বিয়ে করেছেন। ১২ আগস্ট তার বিয়ে হয়। রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

গত বছর শ্যামল চন্দ্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে প্রশ্নকর্তার জবাবে একপর্যায়ে শ্যামল বলেন, ‘হ্যাভি রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড...’। 

শ্যামল চন্দ্রের বাবার নাম নেপাল চন্দ্র। তিনি মাছ ব্যবসায়ী। মা শেফালি রানি গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে শ্যামল সবার বড়। ছোট ভাই কমল চন্দ্র ও রাজা চন্দ্র বাবার সঙ্গে মাছের ব্যবসা করেন।

শ্যামল চন্দ্র ২০০৫ সালে কাঠগড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি অকৃতকার্য হন। এরপর অর্থাভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি।

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর গ্যাস লাইটারের ব্যবসা শুরু করেন শ্যামল। পাইকারিভাবে গ্যাস লাইটার কিনে দোকানে দোকানে বিক্রি করতেন। আয়ের টাকায় সংসার চলত না বলে ব্যবসা ছেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কাজ নেন তিনি। চার বছর ধরে সেই কাজই করছেন।

শ্যামল চন্দ্র বলেন, ‘ভাইরাল ভিডিওটি ২০২০ সালের ঈদুল ফিতরের আগের। স্বাভাবিকভাবেই নিজের কথা বলেছিলাম। কিন্তু এভাবে ভাইরাল হবে বুঝতে পারিনি।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্যামল চন্দ্র তার নিজের সম্পর্কে বলছেন। একপর্যায়ে প্রশ্নকর্তা জানতে চান, এখনো তিনি বিয়ে করছেন না কেন। তখন শ্যামল বলেন, ‘...ওয়াইফকে সময় দেওয়ার মতো সময় আমার বর্তমান নাই’।

তবে এখন সময় হলো কী করে? প্রশ্ন শুনে শ্যামল চন্দ্র বলেন, ‘বিধিনিষেধে গাড়ি (ট্রেন) চলাচল বন্ধ ছিল। বাড়িতেই বসে ছিলাম। পারিবারিকভাবেই বিয়ে আয়োজন করা হলো। আর বিয়ে তো করতেই হতো!’

শ্যামল চন্দ্রের স্ত্রীর নাম দীপা ঘোষ। কলেজপড়ুয়া দীপার বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত