বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০১:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র  উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৪টায় টেকনাফ সদরের রিজভী খালে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার হতে মাদকের বড় চালান নাফ নদী হয়ে টেকনাফে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের একটি বিশেষ দল নৌকাযোগে বিভক্ত হয়ে কেওড়া বাগানে অবস্থান নেয়।

কিছুক্ষণ পরে তিনজন আরোহী নিয়ে একটি নৌকা নিয়ে মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এ সময় বিজিবি অগ্রসর হয়ে তাদের থামানোর সংকেত দিলেই চোরকারবারি গুলি ছুঁড়তে শুরু করে।

বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে এক ​মাদককারবারি গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। সেই সাথে অপর দু’জন লাফ দিয়ে সাঁতার কেটে গা ঢাকা দেয়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। ভাটার কারণে পানিতে ডুবে দ্রুত স্থানান্তরিত হওয়ায় কোনো মৃতদেহও পাওয়া যায়নি।

পাশাপাশি নৌকায় তল্লাশি চালিয়ে  ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়।

টেকনাফ ২ অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও মাদক পাচারের দায়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত