আফগানিস্তানে অনিশ্চয়তায় ব্র্যাকের কার্যক্রম

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১০:৫৫ পিএম

টানা কয়েক দিনের অভিযানের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। দেশটির ১০টি প্রদেশে বিভিন্ন কাজ চলছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের।

সহিংস পরিস্থিতির মধ্যে এ কার্যক্রম সীমিত করে এনেছে সংস্থাটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদেরও আফগানিস্তান থেকে ফিরিয়ে আনতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার ব্র্যাক ইন্টারন্যাশনাল এসব তথ্য জানিয়েছে। 

এতে জানানো হয়, আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ছিলেন ১৪ জন। প্রবাসী কর্মীদের মধ্যে তিন বাংলাদেশিসহ পাঁচজন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তানে ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি নয়জন বাংলাদেশির মধ্যে তিনজন দেশটি থেকে গত শুক্রবার দেশে ফেরেন। ২২ আগস্টের মধ্যে রওনা হওয়ার কথা বাকি ছয়জনের।

ব্র্যাকের একটি সূত্র জানিয়েছে, ৯ আগস্ট থেকে আফগানিস্তানে ব্র্যাকের কর্মসূচিগুলো সীমিত করে আনা হয়েছে। আপাতত এসব কার্যক্রম সীমিত পরিসরে চলবে। বিদেশি কর্মীদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা আফগান কর্মী, তাদের বাসা থেকে কাজ করতে অথবা সুরক্ষিত কোনো স্থানে চলে যেতে বলা হয়েছে। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির বেশির ভাগই স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রিক। এছাড়া নাগরিক সেবাসংক্রান্ত কর্মসূচিও বাস্তবায়ন করেছে সংস্থাটি।

ঢাকায় ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে ব্র্যাক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত