কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস চাপায় এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি সেক্টরের ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ঐ যুবকের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে ক্যান্টিন চত্বরে দায়িত্বরত এক বিজিবি সদস্য জানান, কয়েকদিন হলো আনুমানিক ২০/২১ বছর বয়সী নামপরিচয় না জানা মস্তিস্ক বিকৃত এক যুবক ঘোরাফেরা করছিল।
এখানে বা আশপাশেই কোথাও ঘুমিয়ে পড়তো। মঙ্গলবার রাত একটার দিকে যুবকটি রাস্তার উপর শুয়ে সম্ভবত ঘুমিয়েই পড়েছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী দুরপাল্লার যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর যুবকটিকে শোয়া দেখেই ব্রেক করার চেষ্টা করে। কিন্তু পেছন থেকে আসা একটি বালিভর্তি ড্রামট্রাক বাসটিকে ধাক্কা দিলে যাত্রীবাহী বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসের পেছনে চাকার নিচে চাপা পড়ে ওই যুবকটিরও ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটিও উল্টে যায়। তবে যতবড় দুর্ঘটনা ঘটেছে তাতে বাসের হেলপার-চালকসহ ১০ জন যাত্রী থাকলেও তাদের কারো প্রাণহানি হয়নি বলে ওই প্রত্যক্ষদর্শী বিজিবি সদস্য জানালেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, গভীর রাতে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের ভেতর যাত্রীদের উদ্ধার করেছে। সামান্য আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং ঘটনাস্থল থেকে পরিচয় না পাওয়া মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
