করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুটি হাসপাতালে ৭ জনের মত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায়(৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান(৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
