স্ত্রী হত্যার মামলা থেকে শশী থারুরের মুক্তি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০২:০৫ পিএম

স্ত্রীর আত্মহত্যায় সংশ্লিষ্ট সব অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের সংসদ সদস্য এবং জাতিসংঘের সাবেক কূটনৈতিক শশী থারুর। খবর বিবিসির।

২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির এক পাঁচতারকা হোটেল স্যুটে তার স্ত্রী সুনন্দা পুষ্করের লাশ পাওয়া যায়।

শুরুতে একে আত্মহত্যা হিসেবে নেওয়া হয়। পরে দিল্লি পুলিশ বিষয়টি হত্যা হিসেবে আমলে নিয়ে তদন্ত চালাতে থাকে।

২০১৮ সালে স্ত্রী হত্যার অভিযোগ আনা হয় শশী থারুরের বিরুদ্ধে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন তিনি, এমন অভিযোগ আনা হয়। তবে অভিযোগ অস্বীকার করেন শশী থারুর।

অবশেষে দিল্লির আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। প্রমাণের অভাবে সব ধরনের অভিযোগ থেকে খালাস পেলেন শশী থারুর।

বুধবার ভার্চুয়ালি এই মামলার রায় দেয় আদালত। থারুরও ভার্চুয়ালি আদালতে যোগ দেন এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালতকে ধন্যবাদ জানান।  

রায়ের পর তিনি এক আইন বিষয়ক ওয়েবসাইটে বলেন, ‘সাড়ে সাত বছর ধরে এই মামলা চলছে এবং এটা নির্যাতনের, এখন আমি কৃতজ্ঞ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত