শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই খুলে দিতে পারব। গতকাল বুধবার আওয়ামী যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথম কথা আমরা আমাদের শিক্ষার্থী-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, যত দূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি।
দীপু মনি বলেন, ‘আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যুহার নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই সংক্রমণের হার আমাদের যে কাক্সিক্ষত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছোবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বক্তব্য রাখেন।
