আসিফ নজরুলের অফিস কক্ষে তালা মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৫:১৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে  তাকে চাকরিচ্যুতসহ গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে আসিফ নজরুলের কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি। একই সঙ্গে  আইন অনুষদে আসিফ নজরুলের অফিসে তালা দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধের মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিকেল পৌনে ৫টায় আইন বিভাগে প্রবেশ করেন। এ সময় তারা এই শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তার কক্ষে তালা লাগান।

উল্লেখ্য গত মঙ্গলবার আসিফ নজরুল তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

একই ইসুতে গতকাল সন্ধ্যায় শাহবাগ থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ছাত্রলীগের কন্দ্রীয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রোমান হোসাইন, মাকসুদ হাওলাদার, শাহীন মাতবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবি জানাই।’

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘জঙ্গি তালেবানের সমর্থনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘আসিফ নজরুলের এ ধরনের বক্তব্যের মাধ্যমে জঙ্গিদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের লিপ্ত হওয়ার জন্য উসকানি দেওয়া হয়েছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন এই শিক্ষক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। কেন, কী কারণে আসিফ নজরুলের কক্ষে তালা দেওয়া হয়েছে তা বিস্তারিত জেনে অবগত করানোর জন্য আইন অনুষদের সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমি এমন কোনো কাজ করিনি, যার কারণে তালা দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা কেন এটি করেছে আমি বুঝতে পারছি না। আর আমার সেই স্ট্যাটাসে শুধু সুষ্ঠু নির্বাচনের আকাক্সক্ষা ব্যক্ত করা হয়েছে। এখানে কারও সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’

ছাত্রলীগ নেতার লিখিত অভিযোগ : কেন্দ্রীয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে করা লিখিত অভিযোগে বলেছেন, তার ফেইসবুক স্ট্যাটাসের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণœ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

আসিফ নজরুলের বিরুদ্ধে করা অভিযোগটি জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে গ্রহণ করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের মতামত নিয়ে ছাত্রলীগ নেতার অভিযোগটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত