করোনা: রাজশাহী মেডিকেলে ১২ জনের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১০:২২ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে তারা মারা যান।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ৯ জন।  

এ নিয়ে চলতি মাসের ২০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৬৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০৯ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১২৭ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর একজন,পাবনার একজন এবং মেহেরপুরের একজন রয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী এবং ৯ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। শুক্রবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৬ জন।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১২৭ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৭৭ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। 

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৫১৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ০৫ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত