দুই দশকের চেষ্টাতেও আফগানিস্তানে তালেবানদের পরাস্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধব্যয় কমাতে শেষমেশ আফগানিস্তান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। আর একে বিজয় হিসেবে দেখছে সশস্ত্র তালেবান গোষ্ঠী। তালেবানরা ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করে আফগানিস্তানকে দখল করার ঘটনা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসবাদী ও জঙ্গি দলগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করছে বলে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মতো আধুনিক সমরাস্ত্র সমৃদ্ধ দেশের আগ্রাসনের বিরুদ্ধে তালেবানের ধৈর্য ও সতর্ক থাকার কৌশলকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের পতন হলেও দলটি তালেবানদের অনুসরণ করতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছে। নিউ ইয়র্কভিত্তিক সুফেন সেন্টার থিংকট্যাংকের গবেষণা প্রধান কলিন ক্লার্ক এএফপিকে বলেন, ‘তালেবানের এই জয় বিশ্বের অন্য জিহাদি দলগুলোর জন্য প্রেরণা হয়ে দেখা দেবে। এটা তাদের বিশ্বাস করতে সহায়তা করবে যে, বিদেশি শক্তিকে চাইলে ক্ষমতা থেকে উৎখাত করা যায়, এমনকি সেটা যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্র হলেও। আমি মনে করি ৯/১১’র ঘটনার ২০ বছর পূর্তিতে উল্লেখযোগ্য প্রোপাগা-া দেখতে পাব। এতে উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জিহাদিদের নৈতিক শক্তি বৃদ্ধি করবে।’
ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রোগ্রাম অন এক্সট্রিমিজমের ফেলো আয়মন জাওয়াদ আল তামিমির মতে, ‘তালেবানদের ধৈর্যের এই উদাহরণ বিশ্বের অন্য অঞ্চলের জিহাদি যারা লড়াই করছে তাদের উদ্বুদ্ধ করবে। যদিও আফগানিস্তানের উগ্রবাদীদের সঙ্গে ইসলামিক স্টেটের মতো দলের মতাদর্শিক দ্বন্দ্ব রয়েছে। ইসলামিক স্টেটের নেতৃত্ব আফগানিস্তানে তালেবানদের উত্থানে খুশি হোক বা না হোক, অন্য জিহাদিরা একে মাইলফলক হিসেবে নেবে। অন্য দলগুলো যখন তালেবানদের আনন্দ উদযাপন করতে দেখছে, এতে তারা মনে করছে যে, তারাও যদি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে পারে তাহলে হয়তো সোমালিয়া অথবা পশ্চিম আফ্রিকায় ওই উদযাপন তারাও করতে পারবে।’
আল-কায়েদার প্রোপাগান্ডা বিভাগ আল তাহবাত ইতিমধ্যেই তালেবানদের সাধুবাদ জানিয়ে বলেছে যে, ‘আফগানিস্তানে তালেবানদের এই বিজয়ে পাকিস্তান, কাশ্মীর, ইয়েমেন, সিরিয়া, গাজা, সোমালিয়া ও মালির মুসলিম ও মুজাহিদিনরা উদযাপন করছে।’ তালেবান ও আইএসের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা খুব একটা সহজ নয়। তালেবানদের আইএসবিরোধী বক্তব্য দিতে দেখা গেলেও তালেবানদের হাত ধরেই কিন্তু আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ (আইএসকেপি) গঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে, তালেবান ও আইএসের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও বাস্তবতা থেকে লাভবান হবে আইএস। গত ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত আইএস বিভিন্ন স্থানে ২১৬ বার হামলা চালিয়েছে। আর গত বছর একই সময়ে ওই হামলার সংখ্যা ছিল ৩৪। আগামী সপ্তাহ নাগাদ আফগানিস্তানে সরকার গঠন করতে পারে তালেবান। সরকারের রূপরেখা কেমন হবে তা এখনো প্রকাশ করেনি সশস্ত্র দলটি। তবে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে তালেবানরা যে এবার সমন্বিত সরকার গঠন করবে এমন ইঙ্গিত দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তালেবানরা যদি সরকার গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সমর্থ হয়, তাহলে বৈশ্বিক জিহাদিদের জন্য একে বড় বিজয় হিসেবে দেখা হবে।”
