ডিপাইয়ের গোলে হার এড়াল বার্সা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৮:৫২ এএম

বার্সেলোনায় এলেও মেফফিস ডিপাইয়ের একটি স্বপ্ন অধরায় থেকে গেছে। কখনো তা পূরণ হবে কি না, তার সম্ভাবনাও ক্ষীণ।

ফরাসি ক্লাব লিওঁ ছেড়ে ডাচ ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়ে এসেছেন একরাশ স্বপ্ন নিয়ে। কোচ রোনাল্ড কোম্যান যখন ডিপাইকে বার্সায় আনলেন তখন কাতালোনিয়ার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি প্যারিসে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে একই জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হলো না ডিপাইয়ের।

তবে মেসির অবর্তমানে বার্সা সমর্থকদের অন্যতম ভরসা হয়ে ওঠার পথে তিনি। এমন আশায় দেখাচ্ছেন ডিপাই। তার গোলেই যে কাতালান জায়ান্টরা অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে হার এড়িয়েছে এবার! লা লিগার চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে বার্সা।

ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। তবে ঘরের মাঠের সুবিধা নিয়ে বিরতির পর এগিয়ে যায় বিলবাও। ইকার মুনিয়েনের পাস থেকে ৫০তম মিনিটে হেডে বার্সার জাল খুঁজে নেন ইনিগো মার্তিনেজ।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় কোম্যানের শিষ্যরা। ৭৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা সের্গি রবার্তোর পাসে দুর্দান্তা এক শটে বার্সাকে সমতায় ফেরান ডিপাই। ক্যাম্প ন্যুয়ে আসার পর ডাচ তারকার এটি প্রথম গোল।

দুই দল তিন পয়েন্ট আদায়ের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে ম্যাচে। কিন্তু দুই দলকে হতাশ করেছে ক্রসবার।

তারমধ্যে ম্যাচের একেবারে শেষদিকে ১০ জনের দল হয়ে পড়ে বার্সা। বিলবাওয়ের রিকো উইলিয়ামসকে বাজেভাবে ফাউল করায় নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন ডিফেন্ডার এরিক গার্সিয়া।

তবে বাকি সময়টুকুতে আর দুর্ঘটনার শিকার হতে হয়নি বার্সাকে। পয়েন্ট ভাগাভাগি করলেও শীর্ষস্থানে বসেছে তারা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪।

তবে বার্সাকে টপকে যাওয়ার সুযোগ থাকছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও গত আসরের চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের। তার জন্য রবিবারের ম্যাচে জিততে হবে দুই দলকে। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে বিলবাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত