চৌহালীতে যমুনার ভাঙনে ৩৫ বাড়িঘর বিলীন

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০২:২৮ পিএম

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের প্রায় ৩৫টি বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এসব বাড়িঘরের মানুষ শেষ সম্বল হারিয়ে এখন কোথায় আশ্রয় নিবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে। অনেকে আবার বসতঘর ও আসবাবপত্র নৌকায় করে নিয়ে আত্মীয়-স্বজনের বাড়ি অথবা উচু স্থানে গিয়ে আশ্রয় নিচ্ছে। হঠাৎ ভাঙনের তাণ্ডবে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের গেজ মিটার রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

 এদিকে সিরাজগঞ্জের ৯ উপজেলার অধিকাংশ নিচু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। কাঁচা ও নিচু রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় মানুষজন নৌকায় চলাচল করছে।

এ ছাড়া পানিবন্দী হয়ে পড়েছে জেলার চরাঞ্চলের ২০ হাজার মানুষ। এসব এলাকায় মাঠঘাট ডুবে যাওয়ায় কাঁচা ঘাসের অভাবে গো-খাদ্যেও সংকট দেখা দিয়েছে। এ সুযোগে গরুর খর, খইল, ভুসি ও প্যাকেটজাত খাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে চৌহালী উপজেলার দায়িত্বে থাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের যমুনা নদীর ভাঙন রোধে একটি পরিকল্পনা হাতে নিয়ে তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওই ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলার কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত