সাভারে সেপটিক ট্যাংকে নেমে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৯:২০ পিএম

সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি সেপটিক ট্যাংকের ভেতরে নেমে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মো. সোহেল চৌধুরী (৪০) ও সোহেল রানা (৪২)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে নতুন বাড়ির জন্য নির্মিত একটি নতুন সেপটিক ট্যাংকের মুখ দীর্ঘ দিন বন্ধ ছিল।

রবিবার দুপুরে ওই সেপটিক ট্যাংকটির ঢাকনা খুলে ময়লা পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেন দুলাভাই সোহেল রানা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও দুলাভাই উঠে না আসায় তার শ্যালক সোহেল চৌধুরী তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতর নামেন।

পরবর্তীতে তারও কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ট্যাংকের ভেতর লাইটের আলো ফেললে তাদের পড়ে থাকতে দেখা যায়।

এ সময় দ্রুত তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভার্কুতা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকটির মুখ দীর্ঘ দিন বন্ধ থাকায় জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত