১৫ দিনেও নমুনা পরীক্ষার ফল মিলছে না

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে মহামারী করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষার ফল ১৫ দিনেও পাচ্ছেন না অনেকে। কেউ কেউ নমুনা দেওয়ার ১৬ থেকে ১৮ দিন পর ফলাফল জানতে পারছেন। কেউ কেউ আবার ২ থেকে ৩ দিনেও ফল পেয়ে যাচ্ছেন। তবে যাদের ফল পেতে দীর্ঘ সময় লাগছে তারা অবাধে অন্যদের সঙ্গে মেলামেশা করছেন। এতে উপজেলায় করোনার সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গতকাল পর্যন্ত কমলগঞ্জে করোনা শনাক্ত হয়েছে মোট ৬৮২ জনের। এরমধ্যে গত বৃহস্পতিবার একদিনেই শনাক্ত হয়েছে ৬৩ জন। এছাড়া শুক্রবার ১২ জন ও সর্বশেষ রবিবার শনাক্ত হয়েছেন ৩ জন। কমলগঞ্জের শমসেরনগর চা-বাগান করোনা সুরক্ষা কমিটির সদস্য মোহন রবিদাস ও মিইকেল পিরেগু দেশ রূপান্তরকে বলেন, ‘গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার যে ফলাফল এসেছে, সে নমুনা দেওয়া হয়েছিল গত ৩ আগস্ট। দীর্ঘ ১৬ দিন পর ফলাফল থেকে জানা গেল শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসক ডা. আনোয়ারুল ইসলামসহ ১৯ জন করোনা পজিটিভ। নমুনা দেওয়ার পর প্রথমে কয়েকদিন তারা হোম আইসোলেশনে থাকলেও পরে আবার নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। অথচ ১৬ দিন পর এখন জানা গেল তারা করোনা আক্রান্ত। তারা এতদিন যাদের সঙ্গে মেলামেশা করেছেন সবাই এখন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।’

একই সমস্যার কথা উল্লেখ করে শমসেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমেদ বলেন, ‘অনেকের পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় লাগছে। এমন দীর্ঘসূত্রতায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে বেশি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করলে সঙ্গে সঙ্গে ফল দেওয়া যায়। আরটি পিসিআর ফলাফলে মাঝে মাঝে খুব দ্রুত আবার মাঝে মাঝে বেশ কয়েক দিন সময় লেগে যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত