খিচুড়ি কম দেওয়ায় বিতন্ডা

দোয়া অনুষ্ঠানে ছুরি মেরে হত্যা দিনমজুরকে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:০৫ এএম

সাতক্ষীরার কলারোয়ায় ২১ আগস্টের শহীদ স্মরণে দোয়া অনুষ্ঠানে খিচুড়ি কম দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরির আঘাতে একজন নিহত হয়েছেন। গত রোববার রাতে কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে এ ঘটনা ঘটে। পেশায় দিনমজুর নিহত আব্দুল মান্নান (৩৮) একই গ্রামের আলিবক্স সানার ছেলে।

গ্রামবাসীর বরাতে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে রবিবার এশার নামাজের পর ২১ আগস্টের শহীদ স্মরণে দোয়া অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়। আব্দুল মান্নান নামে এক ব্যক্তি বালতিতে করে খিচুড়ি বিতরণ করছিলেন। এ সময় নিহত আব্দুল মান্নান খিচুড়ি কম দেওয়ার কথা বললে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু হানিফের সঙ্গে তার ঝগড়া হয়। আবু হানিফ তখন মান্নানের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক উদ্ধার করে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মান্নানের মৃত্যু হয়।

ওসি খায়রুল আরও জানান, মান্নানের মৃত্যুর ঘটনায় আবু হানিফ ও তার বাবা মজিবুর রহমানকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর ১টা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। তবে নিহতের পরিবার মামলা করার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত